২৬ নভেম্বর, ২০২৬
ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিশ পর্যালোচনা করছে ভারত সরকার। তবে ভারতের কোনো খাতেই উৎপাদন সক্ষমতার অতিরিক্ত উৎপাদন নেই বলে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত বিষয়ে ১৪টি অর্থনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) যে তদন্ত শুরু করেছে, সে বিষয়ে প্রকাশিত নোটিশ ও মতামত চাওয়ার বিষয়টি ভারত সরকার পর্যালোচনা করছে।
বিবৃতিতে বলা হয়, ‘ভারতের কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।’
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত নিজেদের প্রয়োজনের চেয়ে বেশি পণ্য উৎপাদন করে, দেশটির বাজারে প্রবেশ করা কঠিন এবং শ্রমিকদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয় না। এসব কারণে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় তদন্তের পর এই শুল্ক প্রস্তাব দেওয়া হয়েছে। গত মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ১৬টি অর্থনৈতিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এ তদন্ত শুরু করে। কয়েক মাস ধরে এসব অর্থনীতি অতিরিক্ত উৎপাদনকে উৎসাহিত করছে কি না, তা খতিয়ে দেখছে দপ্তরটি। অতিরিক্ত উৎপাদনের ফলে পণ্যের দাম কমে যায় এবং মার্কিন শিল্প ক্ষতিগ্রস্ত হয় বলে যুক্তরাষ্ট্রের দাবি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্পনীতি গ্রহণ করেছে, যেখানে উৎপাদন খাতকে লক্ষ্য করে পরিকল্পনা, মজুরি ও শ্রমিক অধিকার দমন, আর্থিক ও অন্যান্য সহায়তা, বাজারভিত্তিক নয় এমন উপকরণের ব্যবহার এবং বাজারব্যবস্থাকে বিকৃত করে—এমন নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব নীতি তাদের অনুকূলে বাণিজ্য ভারসাম্য তৈরি করছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করছে।’
‘উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত ভারতের কর্মকাণ্ড, নীতি ও চর্চা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু খাতে ভারত যুক্তরাষ্ট্রে যত পণ্য রপ্তানি করে, তার তুলনায় কম আমদানি করে।
ইউএসটিআর বলেছে, ‘ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পণ্যের মতো খাতে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। এসব গুরুত্বপূর্ণ খাতে ভারতীয় উৎপাদনের ওপর নির্ভরশীলতার বিষয়টি এতে স্পষ্ট হয়েছে।’
শুধু ভারত নয়, চীনসহ আরও কয়েকটি দেশের পণ্যের ওপরও ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে ওয়াশিংটনের সঙ্গে যেসব দেশের আগে থেকেই বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে শুল্কের হার কম হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে প্রচলিত আমদানি শুল্কও অন্তর্ভুক্ত। আর ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দেশটির পণ্যে শুল্কের হার হবে ২০ শতাংশ।
এর আগে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ব্যাপকভিত্তিক বাণিজ্য শুল্ক বাতিল করে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ৩০১ ধারায় দুটি তদন্ত শুরু করে। এর একটি ৬০টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে, যেখানে প্রায় ১০০টি দেশ অন্তর্ভুক্ত। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য রপ্তানির নিয়ম লঙ্ঘনের অভিযোগে এই তদন্ত হচ্ছে। অন্য তদন্তটি ১৬টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদনে উৎসাহ দেওয়ার অভিযোগে।
সুপ্রিম কোর্টের ওই রায়ের পর ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাও নতুন করে শুরু করতে হয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে চূড়ান্ত হওয়া কাঠামোটি শুল্ক বাতিলের পর আবার আলোচনার টেবিলে ফিরে যায়। বর্তমানে দুই দেশ একটি অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, ‘বাণিজ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগ আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত—এটাই ভারতের অবস্থান। ভারত সরকার ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর আগামী ২৫ জানুয়ারি এ শুল্ক প্রস্তাব নিয়ে জনশুনানির দিন নির্ধারণ করেছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। ওই সময় পর্যন্ত প্রস্তাবটি নিয়ে আলোচনা ও মতামত দেওয়ার সুযোগ থাকবে।
সূত্র: এনডিটিভি