২৬ নভেম্বর, ২০২৬
মানুষের স্বভাব ও আচরণ একেক রকম। কেউ ধীরস্থিরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন, আবার কেউ কোনো কিছু না ভেবেই তাড়াহুড়ো করে বসেন। কথা বলা, সিদ্ধান্ত নেওয়া, কাজ সম্পন্ন করা কিংবা কোনো সংবাদ শুনে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও অনেকের মধ্যে অস্থিরতা দেখা যায়। অথচ তাড়াহুড়োর কারণে জীবনে নানা ভুল, অনুশোচনা ও ক্ষতির মুখে পড়তে হয়।
ইসলামে কাজের প্রতি আগ্রহ ও দ্রুত সৎকাজ সম্পন্ন করার উৎসাহ দেওয়া হয়েছে। তবে অস্থিরতা ও অপরিণামদর্শী তাড়াহুড়োকে নিরুৎসাহিত করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে এ বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।
মহান আল্লাহ বলেন, ‘মানুষ তো সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ। আমি অচিরেই তোমাদের আমার নিদর্শনাবলি দেখাব। সুতরাং তোমরা আমাকে ত্বরান্বিত করতে বলো না।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৩৭)।
এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের মধ্যে তাড়াহুড়োর প্রবণতা রয়েছে। অনেক সময় মানুষ কোনো কিছুর পরিণতি না ভেবেই তা পেতে চায়। অথচ সবকিছুর জন্য উপযুক্ত সময় ও প্রজ্ঞার প্রয়োজন। তাই আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধারণ করা উচিত।
কোনো সংবাদ শোনা কিংবা কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর যাচাই না করেই প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে দেখবে।’ (সুরা হুজুরাত, আয়াত: ৬)।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যাচাই না করে কোনো তথ্য প্রচার করা বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তাই কথা বলা, সংবাদ শেয়ার করা কিংবা কারও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যতা যাচাই করা জরুরি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে।’ (জামে তিরমিজি, হাদিস: ২০১২)। এ হাদিসে তাড়াহুড়ো ও অস্থিরতার ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে। একজন মুমিনের উচিত যেকোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা, ভেবেচিন্তে কথা বলা এবং কাজের পরিণতি বিবেচনা করা।
ইসলাম সব ধরনের দ্রুততাকে নিরুৎসাহিত করে না। বরং ভালো কাজে দ্রুত এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৩)।
অর্থাৎ নেক আমল, তাওবা, দান-সদকা ও কল্যাণকর কাজে অযথা বিলম্ব করা উচিত নয়। তবে তাড়াহুড়োর কারণে যেন কাজের মান নষ্ট না হয় কিংবা অন্যের অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ধীরস্থিরতা অবলম্বন করো। কারণ ধীরস্থিরতা যে কাজে থাকে, তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে। আর যে কাজ থেকে ধীরস্থিরতা তুলে নেওয়া হয়, তা ত্রুটিপূর্ণ হয়ে পড়ে।’ (সহিহ মুসলিম)।
তাই তাড়াহুড়ো স্বভাবের মানুষের উচিত নিজের আচরণ পরিবর্তনে সচেতন হওয়া। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নেওয়া, কথা বলার আগে চিন্তা করা এবং রাগ বা আবেগের মুহূর্তে নিজেকে সংযত রাখা প্রয়োজন। মনে রাখতে হবে, জীবনে সফলতা শুধু দ্রুত কাজ শেষ করার মধ্যে নয়; বরং সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে এবং সুন্দরভাবে কাজ সম্পন্ন করার মধ্যেই প্রকৃত সফলতা।