☰
✕

অনুশীলন থেকে ব্রাজিলিয়ান ফুটবলার গ্রেফতার

২৭ নভেম্বর, ২০২৬

ব্রাজিলের ফুটবলে আলোচনার জন্ম দিয়েছে ভাস্কো দা গামার ফরোয়ার্ড ডেভিড কোরেয়া দা ফনসেকার গ্রেফতারের ঘটনা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিও ডি জেনেইরোর বাররা দা তিজুকায় অবস্থিত ক্লাবটির অনুশীলন কেন্দ্র থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ব্রাজিলের অপরাধী সংগঠন, মাদক ও অস্ত্র পাচারসংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে তাঁকে আটক করা হয়েছে। ব্রাজিলে ডেভিড নামে পরিচিত এই ফুটবলারের ডাকনাম ‘ডিভিডি’। এসপিরিতু সান্তো রাজ্যের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই তদন্তে ভিলা নোভার ডিফেন্ডার হাইনার উইলিয়াম মঞ্জার্দিম কোরদেইরোর বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে।

‘অপারাসাও আ ত্রোপা’ নামের এই তদন্ত পরিচালনা করছে এসপিরিতু সান্তো রাজ্যের পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, সংগঠিত অপরাধচক্রের কার্যক্রম, মাদক ও অস্ত্র পাচারের পাশাপাশি অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সাক্ষীকে অর্থের প্রলোভন দেখিয়ে বক্তব্য পরিবর্তন কিংবা অভিযোগ করা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন ডেভিড ও হাইনার।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদন অনুযায়ী, ডেভিডের জব্দ করা মোবাইল ফোনের কথোপকথন এবং সাক্ষীদের বক্তব্য তাঁর বিরুদ্ধে আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তদন্তে নতুন তথ্য পাওয়ার পর আদালত মনে করেছেন, আগের বিধিনিষেধ দিয়ে সাক্ষীদের প্রভাবিত করার ঝুঁকি ঠেকানো সম্ভব হচ্ছে না। এ কারণে তাঁর বিরুদ্ধে প্রাক্‌বিচার আটকাদেশ জারি করা হয়।

এর আগেও ডেভিডের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত অক্টোবরেই আদালতের নির্দেশে তাঁকে পাসপোর্ট জমা দিতে হয়। পাশাপাশি অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া এবং তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

এদিকে ডেভিডের গ্রেফতারের পর বিবৃতি দিয়েছে ভাস্কো দা গামা। ক্লাবটি জানিয়েছে, খেলোয়াড়টির আইনি সহায়তার জন্য তাদের আইন বিভাগ প্রস্তুত রয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে ক্লাব কর্তৃপক্ষ। তবে বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চায় না তারা।