২৭ নভেম্বর, ২০২৬
অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যভান্ডারের একটি অংশে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানায়, সংস্থাটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এতে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।
তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে ফিফা। বিশেষ করে ব্যক্তিগত তথ্য প্রকাশকে গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
তবে এই হামলায় কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন হামলাটি চালানো হয়েছে কিংবা ব্যবসায়িক তথ্যের মধ্যে কী কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ফিফা।
বিষয়টি সম্পর্কে অবগত ফিফার এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সংস্থাটির মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাতিল হয়ে যাওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের কোনো নথিতে হ্যাকাররা প্রবেশ করতে পারেনি।
উল্লেখ্য, বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। তবে ব্যাপক সমালোচনার মুখে গত জুলাইয়ে সেই পরিকল্পনা বাতিল করেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের কথা ছিল। প্রতিষ্ঠানটির ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল ফিফা।