২৭ নভেম্বর, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে গুরুত্বর আহত এক যুবক রাজশাহী নগরীর একটি বাসায় গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) একটি দল অভিযান চালিয়ে তাকে ওই বাসা থেকে আটক করেছে। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এই যুবকের নাম নাজমুল করিম ওরফে নুরুল। শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় তার বাড়ি। এলাকায় তার একটি চায়ের দোকান আছে। তিনি ককটেলের কারিগর হিসেবে পরিচিত।
এসআরবি জানিয়েছে, নাজমুল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও জড়িত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর তোরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসা থেকে নাজমুলকে আটক করেন এসআরবি সদস্যরা। তখন তার স্যালাইন চলছিল। এসআরবির অ্যাম্বুলেন্সেই তাকে স্যালাইনসহ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া ওই বাসার ভাড়াটিয়া এবং নাজমুলের স্ত্রীকেও নাজমুলের সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই টমাস আলী নামের এক যুবক নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী। ঘটনাস্থলেই তার লাশ পড়ে ছিল। আর বিস্ফোরণের পর তিনজন আহত অবস্থায় পালিয়ে যান। এদের একজন এই নাজমুল করিম।
ঘটনার পর নাজমুল রাজশাহী নগরীর একটি বেসরকারি ক্লিনিকে এসে চিকিৎসা করান। এরপর রাজশাহী নগরীর তোরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় এসে ওঠেন। গোপনে এখানেই তার চিকিৎসা চলছিল।
ভাড়াটিয়া ওই নারী জানান, নাজমুল তাদের পূর্বপরিচিত। বুধবার বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে তার স্ত্রী তাকে এ বাসায় আনেন। তারা জানিয়েছিলেন, বৃহস্পতিবার একবার ড্রেসিং করাতে হবে। সে পর্যন্ত তারা থাকবেন। ড্রেসিং করানোর পর তারা গ্রামের বাড়ি চলে যাবেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে দেখেন, অজ্ঞাত এক ব্যক্তি এসে স্যালাইন লাগিয়ে দিয়ে যাচ্ছেন। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে নেন। নাজমুল কীভাবে আহত হয়েছিলেন তা তিনি জানেন না বলে দাবি করেন। ওই বাড়িতে থাকা অবস্থায় নাজমুল স্বীকার করেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, বাড়িটি থেকে শুধু নাজমুলকেই আটক করা হয়েছে। তার চিকিৎসা প্রয়োজন। এ জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তার চিকিৎসা চলবে। তাকে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আর সুস্থ হলে তাকে আদালতে তোলা হবে।