☰
✕

বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

২৭ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি রনজু সরকারকে (রনজু) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার  রনজু সরকার জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকার মিন্টু সরকারের ছেলে।

এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় রনজু সরকারের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রনজু সরকার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

অভিযান শেষে গ্রেফতার রনজু সরকার ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।