২৭ নভেম্বর, ২০২৬
বিশিষ্ট সাহাবি হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন সন্ধ্যা হয়, তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে।
তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো। আর ঘরের দরজা বন্ধ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।
আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে, কমপক্ষে পাত্রগুলোর ওপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দেবে।
আর (শয্যা গ্রহণের সময়) তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৬২৩)
শিক্ষা-বিধান ও করণীয়
১. সন্তানদের নিরাপত্তায় অভিভাবকদের সচেতন হতে হবে : সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের বাইরে অবাধে চলাফেরা করতে না দিয়ে ঘরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এটি সন্তানদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি ইসলামের বিশেষ গুরুত্বের প্রমাণ।
২. ঘরের দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেওয়া : ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলা সুন্নত।
এর মাধ্যমে শয়তানের অনিষ্ট থেকে ঘরকে সুরক্ষিত রাখার শিক্ষা পাওয়া যায়।
৩. খাবার ও পানীয় ঢেকে রাখা : খাবার ও পানীয়ের পাত্র খোলা অবস্থায় ফেলে রাখা উচিত নয়। রাতে ঘুমানোর আগে সব পাত্র ভালোভাবে ঢেকে রাখা সুন্নত। এবং আল্লাহর নাম নিয়ে সেগুলোর মুখ বন্ধ করা উচিত।
৪. ঢাকনা না থাকলেও পাত্র সুরক্ষিত রাখা : কোনো পাত্রের ঢাকনা না থাকলে অন্তত একটি কাঠি বা অন্য কোনো বস্তু আড়াআড়িভাবে রেখে হলেও সেটি ঢেকে দেওয়ার নির্দেশনা রয়েছে।
এতে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার প্রতি ইসলামের গুরুত্ব ফুটে ওঠে।
৫. রাতে ঘুমানোর আগে প্রদীপ নিভিয়ে দেওয়া : আগুনের সম্ভাব্য বিপদ থেকে ঘরবাড়ি রক্ষা করতে ঘুমানোর আগে প্রদীপ নিভিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান সময়ে করণীয় হলো, ঘুমানোর আগে আগুনের উৎস ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতির বিষয়ে সতর্ক থাকা।