২৭ নভেম্বর, ২০২৬
সম্প্রতি লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের এই কিশোর ব্যাটিং তারকাকে নিয়ে প্রশংসার তুবড়ি ছুটাচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত তাকে সব ফরম্যাটে সুযোগ দেওয়ার দাবি তুললেন। একই সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আহ্বান করেছেন, যেন তাকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দলে বিবেচনা করা হয়।
বৈভবের ভয়ডরহীন ব্যাটিংয়ে শ্রীকান্তের বিশ্বাস, সব ফরম্যাটের ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে ১৫ বছর বয়সী ব্যাটারের। তাকে কেবল একটি নির্দিষ্ট ফরম্যাটে সীমাবদ্ধ করে রাখা উচিত নয়। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ভারতীয় ওপেনার এই টিনএজারকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলানোর পরামর্শ দিলেন।
শ্রীকান্ত জানান, টেস্ট ক্রিকেটের জন্য বৈভবকে যথেষ্ট প্রস্তুত মনে না করলেও টিম ম্যানেজমেন্টের উচিত তাকে বিশ্বকাপের ১৫ জনের দলে অন্তর্ভুক্ত করা। সাবেক নির্বাচক জোর দিয়ে বললেন, আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনে এবং গড়ে উঠতে তাকে ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ দেওয়া উচিত।
শ্রীকান্ত বলেন, ‘সে সব ফরম্যাটের একজন খেলোয়াড়। তাকে টেস্টে খেলাতে চান না, ঠিক আচে। কিন্তু তাকে তো অন্তত ১৫ জনের দলে রাখুন। এখন আর কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। শ্রীলঙ্কা আসছে ওয়ানডে খেলতে, তাকে সেখানে একটি সুযোগ দেন। তাদের বিপক্ষে ওয়ানডে খেলতে দিন। যদি আপনি সত্যিই চান, সূর্যবংশী গড়ে উঠুক, তাহলে তাকে ২০২৭ বিশ্বকাপেও নিয়ে যান। তাকে ১৫ জনের মধ্যে রাখুন। একদিন সে একা হাতে আপনাকে ম্যাচ জেতাবে।’