২৮ নভেম্বর, ২০২৬
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী।
বৃহস্পতিবার ওমান উপসাগরে জাহাজটিকে লক্ষ্য করে নির্ভুল নিশানায় গোলাবারুদ নিক্ষেপ করে মার্কিন সামরিক বিমান। এতে জাহাজটির চালনা ব্যবস্থা অচল হয়ে পড়লেও নাবিকদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শুক্রবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, পালাউয়ের পতাকাবাহী ‘এম/ভি প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটি ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস থেকে যাত্রা করেছিল। শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত। মার্কিন বাহিনী বলছে, জাহাজটি ইরানি বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ-অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করছিল।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, জাহাজটির নাবিকদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করায় বৃহস্পতিবার ওমান উপসাগরে একটি মার্কিন সামরিক বিমান থেকে জাহাজটির পেছনের অংশ বা স্টার্ন লক্ষ্য করে নির্ভুল নিশানায় গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এতে জাহাজটির প্রপালশন বা চলাচলের ব্যবস্থা অচল হয়ে যায়। তবে জাহাজের নাবিকদের কেউ আহত হননি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও জানায়, ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর করতে গিয়ে এ পর্যন্ত ছয়টি জাহাজ অচল করেছে মার্কিন বাহিনী। পাশাপাশি অবরোধ মেনে চলা ১৫৮টি জাহাজকে অন্য পথে চলাচলের নির্দেশ দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে নৌ-চলাচলে বাধা কিংবা সামরিক উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
ইরানি বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং তা কার্যকর করতে সামরিক পদক্ষেপের ঘটনা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। বিশেষ করে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।