২৮ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ছুটির সময় ভয়াবহ ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চল। অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে সড়ক, ঘরবাড়ি ও জনবসতি। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ক্ষয়ক্ষতি সামাল দিতে মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দা ও জরুরি সেবাকর্মীরা।
থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ছুটির আমেজের মধ্যেই ঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর ক্যারোলাইনা থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে বিদ্যুতের খুঁটি ও গাছপালা উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্থাপনা। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে যায়।
শুক্রবার বিকেলের হিসাব অনুযায়ী, ঝড়ের পরও প্রায় পাঁচ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। সবচেয়ে বেশি বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহক ছিলেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশজুড়ে প্রায় ১০ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলো।
নিউ জার্সি ও চেসাপিক উপসাগরসংলগ্ন একাধিক এলাকায় থ্যাঙ্কসগিভিংয়ের দিন জোয়ারের পানির উচ্চতা অতীতের রেকর্ড ছাড়িয়ে যায়। নিউ জার্সির কেপ মে এলাকায় পানির উচ্চতা ৯ দশমিক ৪১ ফুটে পৌঁছায়, যা ওই এলাকার সর্বোচ্চ জোয়ারের রেকর্ড। অন্যদিকে আটলান্টিক সিটিতে জোয়ারের উচ্চতা ছিল ৮ দশমিক ২৮ ফুট। ২০১২ সালে সুপারস্টর্ম স্যান্ডির পর শহরটিতে এত উঁচু জোয়ার আর দেখা যায়নি।
ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিও হয়েছে বিভিন্ন এলাকায়। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভার্জিনিয়া ও উত্তর ক্যারোলাইনার পূর্বাঞ্চলে তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। উত্তর ক্যারোলাইনার এমারাল্ড আইলে বৃষ্টির পরিমাণ ছিল প্রায় নয় ইঞ্চি। এতে নিচু এলাকা ও উপকূলীয় জনপদে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি মোকাবিলায় ভার্জিনিয়ার গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার শুক্রবার অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিদ্যুৎ পুনরুদ্ধার, নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় বিভিন্ন সরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।
ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিংয়ের অন্যতম বড় আয়োজন নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডও পিছিয়ে দিতে হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো প্যারেডটি নির্ধারিত দিনে আয়োজন করা সম্ভব হয়নি। পরে শনিবার আয়োজনের নতুন দিন নির্ধারণ করা হয়।
এদিকে শুক্রবার পূর্ব উপকূলে ঝড়ের সতর্কতা তুলে নেওয়া হলেও কিছু এলাকায় দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা ছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে রোববার মধ্যাঞ্চল থেকে নতুন একটি আবহাওয়া ব্যবস্থা পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ও বজ্রঝড় বয়ে আনতে পারে। পরে সোমবার সেই বৃষ্টিপাত পূর্ব উপকূলেও পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
ছুটির সময়ে ভয়াবহ আবহাওয়া দেশটির লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এখনো বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধারের কাজ চলছে।
সূত্র : এবিসি নিউজ