২৮ নভেম্বর, ২০২৬
ওমানের খাসাব বন্দর এবং হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় জলসীমায় সামুদ্রিক মাইনে (ন্যাভাল মাইন) আঘাত হেনে বিস্ফোরিত হয়েছে দুটি তেলবাহী ট্যাংকার। ইরানের ইসলামি গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, রাডার বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রাতেই ওই জলপথ অতিক্রম করার চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরবিএসে প্রচারিত আইআরজিসি নেভির এক বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, খাসাব বন্দরের প্রবেশমুখে প্রথম তেল ট্যাংকারটি সামুদ্রিক মাইনের সংস্পর্শে এসে বিস্ফোরণের শিকার হয় এবং আগুন ধরে যায়। এর কিছুক্ষণ পর প্রণালীর পূর্ব দিকে একটি অননুমোদিত রুট বা জলপথ দিয়ে অতিক্রম করার সময় দ্বিতীয় ট্যাংকারটিও একই ধরনের বিস্ফোরণের মুখে পড়ে।
আইআরজিসি দাবি করেছে, রাডার বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে ওয়ান্টেড বা নজরদারি এড়ানোর উদ্দেশ্যে জাহাজ দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওই পথটি বেছে নিয়েছিল।
এই ঘটনার পর হরমুজ প্রণালীর ওই জলপথটিকে অত্যন্ত বিপজ্জনক ও মাইনযুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে আইআরজিসি নেভি। ইরানি সামরিক বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলের জলপথ পারাপারের সময় কোনো ধরনের মার্কিন সামরিক বিমান বা আকাশ সুরক্ষা সহায়তাও বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে পারবে না।
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই জলসীমায় সামুদ্রিক মাইন বিস্ফোরণের এই ঘটনা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।
সূত্র : আল-জাজিরা