২৮ নভেম্বর, ২০২৬
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত জিল বাংলা সুগার মিলস-এ ২০২৬-২৭ মৌসুমের আখমাড়াই সন্ধ্যায় শুরু হয়েছে।
শুক্রবার সংসদ সদস্য অ্যাড. শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ডোঙ্গা’য় আখ ফেলে ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদকে হটিয়ে আমরা দেশের মালিকানা পুনরায় জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি, কারণ জনগণই এই দেশের প্রকৃত মালিক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও জানান, সারা দেশে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান।
তিনি উল্লেখ করেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে, তখন তথাকথিত ফ্যাসিবাদী সরকারের সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়ে উঠেছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান যেন তারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সতর্ক থাকেন এবং সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
মিল কর্তৃপক্ষ ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।