☰
✕

জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন

২৮ নভেম্বর, ২০২৬

প্রায় ৪৭ বছর ধরে ব্যবহৃত হয়ে আসা দলীয় লোগোতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সময়ের পরিবর্তনের সঙ্গে সংগঠনের পরিচিতি ও প্রতীকে আধুনিকতার সমন্বয় ঘটাতে নতুন লোগো তৈরির পরিকল্পনা করছে দলটি। একই সঙ্গে নতুন নকশায় তৈরি করা হবে দলীয় প্যাড ও পতাকাও।

দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর পরিচিতি বহন করে আসছে একটি নির্দিষ্ট লোগো। এতে রয়েছে সবুজ গম্বুজ, গম্বুজের ওপর দাঁড়িপাল্লার প্রতীক, ভেতরে আরবি হরফে ‘আল্লাহু’ এবং নিচে ‘আকিমুদ্দিন’ লেখা। এই চারটি উপাদান নিয়েই এতদিন দলটির প্রচলিত লোগো ব্যবহৃত হয়ে আসছে।

তবে এবার সেই পরিচিত নকশা থেকে বেরিয়ে এসে নতুনভাবে দলীয় লোগো সাজানোর কথা ভাবছে জামায়াত।

দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্য অনুযায়ী, বর্তমান লোগোটি আনুষ্ঠানিক কোনো সাংগঠনিক ফোরামের আলোচনা কিংবা সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়েছিল কি না, তার সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। একপর্যায়ে পরীক্ষামূলকভাবে অন্য একটি লোগো ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সেটি সর্বমহলে গ্রহণযোগ্যতা না পাওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে আসে দলটি।

এ কারণে এবার সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন লোগো চূড়ান্ত করতে চায় জামায়াতে ইসলামী।

লোগো পরিবর্তনের বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় আমাদের বিভিন্ন উপকরণ ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছিল।

তবে সেই আলোচনার সময় নির্বাচনের সময়সীমা এবং বিভিন্ন কাজের চাপের কারণে বিষয়টি নিয়ে আর এগোনো সম্ভব হয়নি। সবকিছু বিবেচনায় নিয়ে লোগো পরিবর্তনের বিষয়টি আপাতত মুলতবি রাখা হয়েছিল।

এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যে লোগোটি দেখা গেছে, সেটার ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সভায়, কী সিদ্ধান্তের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছিল, সেটিও স্পষ্ট নয়। আরেকটি বিষয় হলো, লোগোটি খুবই সাধারণ ছিল। যদিও আমাদের বিভিন্ন প্রকাশনা ও প্রচারসামগ্রীতে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা নতুন কিছু ধারণা নিয়ে আসার কথা ভাবলাম।’

নতুন লোগোর নকশায় গুরুত্ব পাবে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, দলীয় স্লোগান, লাল-সবুজের রং এবং গ্রামীণ বাংলার ইতিহাস ও ঐতিহ্য।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, লোগোর নকশায় আমাদের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন থাকবে। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রাকৃতিক ভূগোল, সৌন্দর্য এবং আমাদের ধারণ করা ঐতিহ্যও এতে তুলে ধরা হবে।

তবে লোগোর নকশার বিষয়ে দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, একদিকে আমাদের লোগো, অন্যদিকে আমাদের আদর্শ, দেশ, জাতীয় পতাকা এবং লাল-সবুজ রং রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা লোগোর নকশায় এসব বিষয়কে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব।

পরিবর্তনের ছোঁয়া শুধু লোগোতেই সীমাবদ্ধ থাকছে না; নতুন নকশায় তৈরি হবে দলীয় প্যাড ও পতাকাও।

তিনি আরও বলেন, লোগো ও আমাদের প্যাডসহ সবকিছু আমরা নতুন করে নিয়ে আসব। দলীয় পতাকা নিয়েও আলোচনা ও পর্যালোচনা চলছে। সামনে যখন নতুন লোগো প্রকাশ করা হবে, তখন এর সঙ্গে দলীয় পতাকার একটি প্রস্তাবও উপস্থাপন করা হবে।

লোগো, প্যাড ও পতাকার নতুন নকশা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে সাত সদস্যের একটি কমিটিকে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে করা হয়েছে কমিটির প্রধান।