২৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশের আকাশে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দেখা যায় রহস্যময় উজ্জ্বল আলোর ঝলক। ঢাকা, নরসিংদী, পঞ্চগড়, রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এই আলোর দৃশ্য দেখতে পান অনেকেই। কেউ সেই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, আবার কেউ জানতে চান; আকাশে হঠাৎ দেখা দেওয়া এই আলো আসলে কীসের?
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। তবে এটি কোনো উল্কাপিণ্ড কিংবা অজানা মহাজাগতিক বস্তু নয়। চীনের একটি রকেট উৎক্ষেপণের কারণেই বাংলাদেশের আকাশে এমন আলোকচ্ছটা দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার চীনের স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিট) দেশটির তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইয়াওগান ৫০ডি নামের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট নিয়ে রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা করে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় ৫ থেকে ১৫ মিনিট পর, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১০ থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আলোকচ্ছটাটি দেখা যায়।
বাংলাদেশের আকাশ থেকে দৃশ্যটি দেখা যাওয়ার ব্যাখ্যায় বিডব্লিউওটি জানায়, তাইয়ুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে সান-সিনক্রোনাস কক্ষপথে পাঠানো স্যাটেলাইটগুলো সাধারণত দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়। এ সময় রকেটের দ্বিতীয় ধাপ মিয়ানমার ও বঙ্গোপসাগরসংলগ্ন আকাশপথ অতিক্রম করে। উৎক্ষেপণের পর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে স্যাটেলাইট স্থাপন এবং অতিরিক্ত গ্যাস নির্গমনের সময় সূর্যের আলো প্রতিফলিত হয়ে এ ধরনের উজ্জ্বল দৃশ্য তৈরি হতে পারে।
চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন (সিএএসসি) রকেট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ৬এ রকেটের মাধ্যমে ইয়াওগান ৫০ডি স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়।
স্যাটেলাইটটি তৈরি করেছে চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি। এর মাধ্যমে ভূমিসম্পদ জরিপ, কৃষি উৎপাদনের পূর্বাভাস এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের কাজে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছে চীন।
প্রায় ৫০ মিটার দীর্ঘ লং মার্চ ৬এ রকেটটিতে রয়েছে একটি তরল জ্বালানিচালিত মূল বুস্টার এবং চারটি কঠিন জ্বালানিচালিত সাইড বুস্টার। রকেট উৎক্ষেপণের পর আকাশে এ ধরনের আলোকচ্ছটা দেখা যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আলাস্কা ও নিউজিল্যান্ডের আকাশেও সর্পিল আকৃতির উজ্জ্বল আলোর দৃশ্য দেখা গেছে।
চলতি বছরের ৮ মে সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের আকাশেও দেখা গিয়েছিল রহস্যময় উজ্জ্বল আলোর রেখা। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সেটি কোনো মহাজাগতিক বস্তু ছিল না। বরং দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক অগ্নি সিরিজের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কারণে ওই আলোর দৃশ্য তৈরি হয়েছিল।