২৯ নভেম্বর, ২০২৬
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় কমিউনিটি ভিত্তিক সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দীন চৌধুরী।
এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সদর থানা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র -এর উদ্যোগে ৩১ লাখ ৭১ হাজার ৭০৭ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে কমিনিউটি ভিত্তিক সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
তারা জানান, কমিনিউটি ভিত্তিক সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সৌর বিদ্যুতের মাধ্যমে মোটর পাম্প চালিয়ে কৃষি জমিতে সেচ দেওয়া যাবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষি সেচ ব্যবস্থা আরও সহজ ও টেকসই হবে।