☰
✕

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় ইজি বাইক দিল ৩২ বিজিবি

২৯ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে খাগড়াছড়িতে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ব্যাটারী চালিত ইজি বাইক প্রদান করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবি। এছাড়া শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ব্যাটারি চালিত ইজি বাইক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের মানবিক এবং সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)'র ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।