২৯ নভেম্বর, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে বুলবুল আহমেদ (৩৫) এবং জুড়ানপুর গ্রামের আয়ুব আলীর ছেলে মো. রিমন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে তাদের আটক করা হয়েছে। আটক দু’জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। আটকের পর তাদের থানায় নেয়া হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দু’জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
ওসি জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কারবারি, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।