২৯ নভেম্বর, ২০২৬
সদ্যই আইনিভাবে বিয়ে সেরেছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত ২৬ নভেম্বর মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে ঘরোয়া পরিবেশেই হয় বিয়ের আয়োজন। ইতোমধ্যে নিজেদের ছবিও প্রকাশ করেছেন তারা।
অভিনেত্রীর নতুন জীবন নিয়ে আলোচনা চলছে বেশ। নবদম্পতিকে শুভেচ্ছাও জানাচ্ছেন ভক্ত-নেটিজেনরা। বিয়েতে মিমির সাজ-আশাক, আংটি বদল, সম্পর্ক স্থায়ীর দলিলের ছবিগুলো নিয়ে যখন আলোচনা; ঠিক তখনই ব্যতিক্রমী রূপে দেখা গেল অভিনেত্রীকে। খুলে বললে, ধারালো ভয়ঙ্কর বটি হাতে অ্যাকশন অবতারে!
তবে এই দৃশ্যের সঙ্গে মিমির ব্যক্তিজীবনের সঙ্গে মিল নেই! মূলত, আসন্ন সিনেমার ট্রেলারেই অভিনেত্রীর দেখা মিলল এই রূপে। অ্যাকশন ঘরানার এই সিনেমার নাম ‘তাণ্ডব’। গত শনিবার সন্ধায় প্রকাশ পায় সিনেমাটির ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার।
সিনেমায় মিমির চরিত্রের নাম জয়ী। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে অপহৃত হয় তার ছোট্ট সন্তান। এরপর সন্তানকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। সে সময় বটি হাতে মিমির সংলাপ— ‘আমার ছেলে কোথায়?
এ সিনেমায় প্রেমিকা ও মা হিসেবে তার পরিচয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক সাহসী নারীর ভূমিকায় দেখা যাবে মিমিকে। তার মুখে শোনা যায়, ‘লড়াই শেষ না, এবার অত্যাচার শেষ হবে।’
নিজের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন অয়ন চক্রবর্তী। প্রযোজনা করেছেন রাজ চক্রবর্তী ও তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত।
এদিকে, মিমির বিয়ের বড় পরিসরের আনুষ্ঠানিকতা হবে আগামী ৫ ডিসেম্বর। ঠিক তার আগের দিনেই (৪ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘তাণ্ডব’-এর।