☰
✕

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেন বাঁধন, দিলেন নতুন বার্তা

২৯ নভেম্বর, ২০২৬

অবশেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দীর্ঘ এক মাসের বেশি সময় সীমাবদ্ধ থাকার পর প্রয়োজনীয় তথ্য প্রদান এবং অ্যাকাউন্ট পর্যালোচনা শেষে তার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশাধিকার দিয়েছে ফেসবুক।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে যারা তাকে ভয় দেখানো, চুপ করিয়ে দেওয়া কিংবা বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশেও দিয়েছেন স্পষ্ট ও কঠোর বার্তা। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ কথা নিশ্চিত করেন। 

ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘আমি ফিরে এসেছি।

আর সঙ্গে নিয়ে এসেছি সুখবর!’ পোস্টে তিনি জানান, গত ২৭ অক্টোবর তার প্রকাশ্য ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর অ্যাকাউন্টটি পর্যালোচনা করে আবারও ব্যবহারের সুযোগ ফিরিয়ে দিয়েছে ফেসবুক। দীর্ঘ সময় পর নিজের পরিচিত অ্যাকাউন্টে ফিরে আসার বিষয়টি স্বাভাবিকভাবেই আনন্দের সঙ্গে নিয়েছেন তিনি।

তবে বাঁধনের সাম্প্রতিক পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়া নয়, ইতালিতে তার ওপর হামলার ঘটনায় তদন্ত শুরুর খবরও।

অভিনেত্রী জানিয়েছেন, ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ইতালির সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’র এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ইতালিতে ঘটে যাওয়া হামলার ঘটনাটি নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে তিনি হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে ঘটনার ভিডিও এবং বিস্তারিত বিবরণ প্রকাশ করেন।

এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। এবার সেই ঘটনার তদন্তে তিন বাংলাদেশির নাম সন্দেহভাজন হিসেবে আসার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে নিজের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন কিংবা কণ্ঠরোধের যেকোনো প্রচেষ্টার বিষয়ে আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন অভিনেত্রী। যারা বিভিন্ন কৌশলে তাকে চুপ করিয়ে দিতে, ভয় দেখাতে কিংবা হারিয়ে দিতে চেয়েছেন, তাদের উদ্দেশে বাঁধন লেখেন, ‘আপনারা ভুল মানুষকে বেছে নিয়েছেন।’ নিজের জীবনের অভিজ্ঞতা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কথা উল্লেখ করে তিনি জানান, তাকে কতটা দৃঢ়ভাবে নিজের অবস্থানে দাঁড়াতে হয়, সে সম্পর্কে এসব ব্যক্তির কোনো ধারণা নেই।

বাঁধনের ভাষায়, জীবনে অনেক কিছু পার করে এসেছেন তিনি। তাই সহজে ভয় পাওয়ার মানুষ নন। কারো হুমকি কিংবা চাপের মুখে তিনি হারিয়ে যাবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন। তার এই বক্তব্যে নিজের অবস্থানে অটল থাকার পাশাপাশি যারা তাকে দমিয়ে রাখার চেষ্টা করছেন, তাদের প্রতি দৃঢ় প্রতিবাদের বার্তা ফুটে উঠেছে।