☰
✕

ব্যর্থতা কখনো মুমিনকে গ্রাস করতে পারে না

২৯ নভেম্বর, ২০২৬

ইসলামের দৃষ্টিতে পার্থিব জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো পরীক্ষার অংশ। তাই কোনো কাজে সফল না হওয়া মানেই জীবনে পরাজিত হয়ে যাওয়া নয়। তাইতো একজন মুমিন কখনো সাময়িক ব্যর্থতায় হতাশ হন না, বিপদে ধৈর্য হারান না এবং আল্লাহর রহমতের প্রতি আস্থা হারিয়ে ফেলেন না। তাঁর বিশ্বাস, চেষ্টা কখনো বৃথা যায় না, ধৈর্য কখনো অর্থহীন হয় না এবং আল্লাহর কাছে কোনো সৎকর্মই হারিয়ে যায় না। এভাবেই ঈমান, ধৈর্য, তাওয়াক্কুল ও অবিচল প্রচেষ্টার মাধ্যমে একজন মুমিন ব্যর্থতার ঊর্ধ্বে উঠে জীবনকে এগিয়ে নিয়ে যান।

ব্যর্থতা জীবনের সমাপ্তি নয়, বরং একটি পরীক্ষা

পার্থিব জীবনে মানুষকে নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়।

কখনো সম্পদ হারিয়ে, কখনো প্রিয়জনের বিচ্ছেদে, কখনো অসুস্থতায়, আবার কখনো কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনের ব্যর্থতায়। এসব পরিস্থিতিতে একজন মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রাখা। আল্লাহ তাআলা বলেন, ‘আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।

’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৫)

মুমিনের প্রকৃত সফলতা পরকালের মুক্তি

মানুষ সাধারণত সফলতা বলতে অর্থ-সম্পদ, ক্ষমতা, পদমর্যাদা, খ্যাতি কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনকে বোঝে। কিন্তু ইসলামের দৃষ্টিতে সফলতার সংজ্ঞা আরও ব্যাপক ও গভীর। দুনিয়ায় কেউ অনেক সম্পদের মালিক হয়েও পরকালে ব্যর্থ হতে পারে। আবার কেউ পার্থিব জীবনে নানা সীমাবদ্ধতা ও অপ্রাপ্তির মধ্যেও ঈমান ও নেক আমলের মাধ্যমে প্রকৃত সফলতা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই-ই সফলকাম।

আর পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮৫)

আল্লাহর রহমতের প্রতি আস্থা মুমিনকে হতাশ হতে দেয় না

ব্যর্থতার অন্যতম বড় কারণ হলো হতাশা। মানুষ যখন বারবার চেষ্টা করেও সফল হতে পারে না, তখন কখনো কখনো তার মনে জন্ম নেয় নিরাশা। সে ভাবতে শুরু করে, তার দ্বারা আর কিছুই সম্ভব নয়। অথচ একজন মুমিনের এমন চিন্তায় ডুবে থাকা উচিত নয়। কারণ তাঁর সামনে রয়েছে আল্লাহর অসীম রহমতের দরজা। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।’ (সুরা : জুমার, আয়াত: ৫৩)

ব্যর্থতার পরও চেষ্টা অব্যাহত রাখা জরুরি

একজন মুমিন কখনো সাময়িক ব্যর্থতাকে নিজের অক্ষমতার চূড়ান্ত প্রমাণ মনে করেন না। বরং তিনি নিজের ভুলত্রুটি খুঁজে বের করেন, অভিজ্ঞতা অর্জন করেন এবং নতুন উদ্যমে চেষ্টা শুরু করেন। কারণ ইসলামে অলসতা, কর্মবিমুখতা ও হতাশার কাছে আত্মসমর্পণ করার শিক্ষা নেই। রাসুলুল্লাহ (সা.) মুমিনকে উপকারী কাজে সচেষ্ট হতে এবং আল্লাহর সাহায্য কামনা করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার উপকারে আসে, তা অর্জনে সচেষ্ট হও। আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং অক্ষমতা প্রকাশ করো না।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৬৪)

কঠিন সময়ের পরই আসে স্বস্তির বার্তা

জীবনের কঠিন সময় মানুষকে অনেক কিছু শেখায়। কখনো প্রতিকূলতা মানুষের ধৈর্য বাড়ায়, কখনো আত্মবিশ্বাস দৃঢ় করে, আবার কখনো এমন নতুন পথের সন্ধান দেয়, যা অনুকূল পরিস্থিতিতে খুঁজে পাওয়া সম্ভব হতো না। তাই জীবনের প্রতিটি কঠিন সময়কে শুধু দুর্ভাগ্য মনে করা উচিত নয়। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ৫-৬)

অতীতের ব্যর্থতা নিয়ে অনুশোচনা না করা 

অনেক মানুষ অতীতের ভুল কিংবা ব্যর্থতা নিয়ে এত বেশি চিন্তা করেন যে, বর্তমানের সম্ভাবনাগুলোও কাজে লাগাতে পারেন না। তাঁরা বারবার ভাবেন, অমুক সিদ্ধান্ত না নিলে হয়তো এমন হতো না, অমুক কাজটি করলে হয়তো সফলতা আসত। এভাবে অতীতের হিসাব-নিকাশ করতে গিয়ে বর্তমানের সময় ও শক্তি নষ্ট হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো বিপদে আক্রান্ত হলে এ কথা বলো না, যদি এমন করতাম, তাহলে এমন হতো। বরং বলো, আল্লাহ তাকদিরে যা রেখেছেন, তা-ই ঘটেছে। কারণ “যদি” শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৬৪)

নবী-রাসুলদের জীবনেও ছিল পরীক্ষা ও প্রতিকূলতা

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, নবী-রাসুলদের জীবনও নানা পরীক্ষা, বাধা ও প্রতিকূলতায় পরিপূর্ণ ছিল। তাঁদের কেউ স্বজাতির বিরোধিতার শিকার হয়েছেন, কেউ দীর্ঘদিন দুঃখ-কষ্ট সহ্য করেছেন, আবার কেউ আপনজনের কাছ থেকেই পেয়েছেন কঠিন আঘাত। কিন্তু তাঁরা কখনো আল্লাহর ওপর আস্থা হারাননি। হজরত নুহ (আ.) দীর্ঘ ৯৫০ বছর তাঁর জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছেন। এত দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরও অল্পসংখ্যক মানুষ তাঁর প্রতি ঈমান এনেছিল। কিন্তু তিনি দায়িত্ব পালনে অবিচল ছিলেন। (সুরা : আনকাবুত, আয়াত : ১৪)

হজরত ইবরাহিম (আ.)-কে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি। আল্লাহর নির্দেশে আগুন তাঁর জন্য শীতল ও নিরাপদ হয়ে গিয়েছিল। (সুরা : আম্বিয়া, আয়াত : ৬৯)

নিজের ওপর বিশ্বাস রেখে আল্লাহর সাহায্য কামনা করুন

ব্যর্থতার অন্যতম কারণ হলো নিজের সামর্থ্য সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা। অনেকেই একটি কাজে ব্যর্থ হয়ে মনে করেন, তাঁকে দিয়ে আর কিছুই সম্ভব নয়। অথচ প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহ প্রদত্ত কিছু যোগ্যতা ও সম্ভাবনা রয়েছে। সেগুলো যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৮৬)

আল্লাহ আমাদের বুঝার ও আমল করার তাওফিক দান করুন। আমিন।