☰
✕

দৌড় ও সাঁতারের বিশ্বমঞ্চে বাংলাদেশ, মাসুমের অনন্য পথচলা

২৯ নভেম্বর, ২০২৬

ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর নিজের সীমাবদ্ধতাকে জয় করার অদম্য মানসিকতা নিয়ে এগিয়ে চলেছেন মো. মাহমুদুল হাসান মাসুম। পেশাগত জীবনের ব্যস্ততার পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন অপেশাদার দীর্ঘ দূরত্বের দৌড়বিদ ও সাঁতারু হিসেবে। দেশের মাটি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘আম্যাজিং থাইল্যান্ড ম্যারাথন ব্যাংকক ২০২৬’-এ অংশগ্রহণ করে সফলভাবে ফুল ম্যারাথন (৪২.১৯৫ কিলোমিটার) সম্পন্ন করেছেন মাসুম। ২৯ নভেম্বর স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে শুরু হওয়া এই আন্তর্জাতিক ম্যারাথনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব ক্যাটাগরি মিলিয়ে প্রায় ৮০ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক আয়োজনে নিজের সক্ষমতার স্বাক্ষর রেখে সফলভাবে ফিনিশিং লাইন অতিক্রম করা তার ক্রীড়াজীবনের অন্যতম উল্লেখযোগ্য অর্জন।

মাসুমের দৌড়ের অভিজ্ঞতার ঝুলিতে আছে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে উৎসর্গ করে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৭৫ কিলোমিটার আল্ট্রা রান সম্পন্ন করেন তিনি। এ ছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভে ১০০ কিলোমিটার কোস্টাল আল্ট্রা ম্যারাথন সফলভাবে শেষ করেন। ৫০, ৪২, ৩০, ২৫ ও ২১ কিলোমিটার দূরত্বের অসংখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সফলভাবে ফিনিশ করার অভিজ্ঞতাও আছে তার।

দৌড়ের পাশাপাশি দূরপাল্লার সাঁতারেও আছে তার উল্লেখযোগ্য অর্জন। ২০২৩ সালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল সাঁতার সফলভাবে অতিক্রম করেন। প্রমত্তা পদ্মা নদীতে ৩৫ কিলোমিটার সাঁতারসহ দেশের বিভিন্ন নদী ও জলপথে দীর্ঘ দূরত্বের সাঁতারে অংশ নিয়েছেন তিনি। কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে ১৩.৫ কিলোমিটার সাঁতারও তার উল্লেখযোগ্য অভিজ্ঞতার একটি।

তবে মাসুমের পরিচয় শুধু একজন দৌড়বিদ কিংবা সাঁতারুর মধ্যে সীমাবদ্ধ নয়। মানবিক কর্মকাণ্ডেও আছে তার সক্রিয় অংশগ্রহণ। এখন পর্যন্ত তিনি ৪৯ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। মানুষের প্রয়োজনে রক্তদানের মতো মহৎ কাজকে তিনি নিজের জীবনের একটি নিয়মিত মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।

চাঁদপুরে জন্ম ও বেড়ে ওঠা মাসুম উচ্চশিক্ষা ও পেশাগত প্রয়োজনে ঢাকায় পাড়ি জমান। পেশাগত ব্যস্ততা, ব্যক্তিগত জীবন এবং নিয়মিত অনুশীলনের মধ্যে সমন্বয় করে চালিয়ে যাচ্ছেন দৌড় ও সাঁতারের পথচলা। নিজেকে পেশাদার ক্রীড়াবিদ হিসেবে দাবি করেন না মাসুম। তিনি অপেশাদার এন্ডুরেন্স অ্যাথলেট। তার কাছে প্রতিটি ম্যারাথন, আল্ট্রা রান এবং দীর্ঘ দূরত্বের সাঁতার হলো নিজের সক্ষমতা যাচাইয়ের নতুন সুযোগ।

প্রতিটি ফিনিশিং লাইন তাকে পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা, নিজের সীমা অতিক্রম করা এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা—এ তিনটি বিষয়কে সামনে রেখেই এগিয়ে যেতে চান এই ক্রীড়াবিদ। মাসুমের বিশ্বাস, গন্তব্যে পৌঁছানোর চেয়েও বড় বিষয় হলো হাল না ছেড়ে এগিয়ে চলা।