২৯ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের ডাকা কথিত লকডাউনের মধ্যে পদ্মা সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত সেতুটি দিয়ে মোট সাত হাজার ৩৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৯০ লাখ ১২ হাজার ১০০ টাকা।
সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বিবৃতিতে বলা হয়, সেতুর মাওয়া প্রান্ত দিয়ে চার হাজার ৪৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৫৩ লাখ ২৯ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, একই সময় জাজিরা প্রান্ত দিয়ে তিন হাজার ৩০১টি যানবাহন পারাপার হয়েছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ৩৬ লাখ ৮২ হাজার ৩০০ টাকা।
এতে আরও বলা হয়, ভোর ৬টা ১০ মিনিটের দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুর্বৃত্তদের সৃষ্ট অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা যৌথভাবে কাজ করেন।
যাত্রী ও যানবাহনের ভোগান্তি এড়াতে শরীয়তপুর জেলা পুলিশের সুপারিশে মাওয়া প্রান্ত থেকে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ভোর ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট এ সিদ্ধান্ত কার্যকর ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল পুনরায় শুরু হয়।
বিবৃতিতে বলা হয়, সকাল ৭টা ২০ মিনিট থেকে সেতুর মাওয়া ও জাজিরা—উভয় প্রান্তেই যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
পদ্মা সেতু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ, বিজিবি, এসআরবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।