আগামীতে ব্যক্তির পরিবর্তন হবে সিস্টেম থেকে যাবে- যশোরে উপদেষ্টা এএফ হাসান আরিফ

১৮ নভেম্বর, ২০২৪

টিআই তারেক :: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিগত ১৭ বছর দুর্নীতির ব্লাঙ্ক চেক দেয়া হয়েছিল। যে যেমন খুশি, যেনো লুটপাট করতে পারে। তিনি বলেন, এমন সংস্কার করা হবে আগামীতে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু সিস্টেম থেকে যাবে।

১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় যশোরে সরকারি কর্মকর্তা, সুধীমন্ডলী, ছাত্র নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন উপদেষ্টা। যশোর জেলা প্রশাসক কার্যালয়ের অমিত্রাক্ষর কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। 

বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেটি শুরু হয়েছে। এটি রাজনৈতিক সরকার এসেও অব্যহত রাখবে।
এই সরকার কোন কেয়ারটেকার বা রুটিন সরকার নয় উল্লেখ তিনি বলেন, তরুন ছাত্ররা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা হচ্ছে ট্রাস্টি। এই রাষ্ট্রকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা পূরণে আমরা এসেছি। আগামীতে নিরাপদ সুন্দর সমাজ গঠনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের অবদান রাখার আহবান জানান তিনি।  

তিনি বলেন, যশোরে পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে। এখান থেকে উৎপাদিত ফুল সারা দেশে এবং বিদেশও রপ্তানি হচ্ছে। এই ফুলের বাগানের মাঠ পর্যটনের ক্ষেত্র হতে পারে। সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি। বাজারে দ্রব্যমূল্য সম্পর্কে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সিন্ডিকেট একক ব্যক্তি নয় এটা একটা ব্যাড সিস্টেম।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সারাদেশে এক হাজার পাঁচশত পিকনিক স্পট পরিদর্শন করে সেগুলোর মান উন্নয়নের চেষ্টা করা হবে। অভ্যন্তরিন পর্যটন সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি। 

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পাবলিক প্রসিকিউটর এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, জেলা শূরা সদস্য এ্যাড. গাজী এনামুল হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান, সাংবাদিক নূর ইসলাম, আকরামুজ্জামান, তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্যরা।