ডায়েট না করেও ওজন কমাবেন যেভাবে

২৪ নভেম্বর, ২০২৪

ওজন কমানোর সবচেয়ে অন্যতম ধাপ শরীরচর্চা। তবে দ্রুত ওজন কমাতে চাইলে নজর রাখতে হয় খাবার দাবারে। অবশ্য ভোজনরসিকদের জন্য এই নিয়ম মেনে চলা কষ্টকর। তবে কয়েক দিন যদি ইচ্ছেমতো খাবার দাবারে খানিকটা রাশ টানা যায়, তাহলে শরীরও যত্নে থাকবে।

কিন্তু তার জন্য উপোস করে থাকলে চলবে না। কিংবা লবণ ছাড়া ওটস, মিলেট খাওয়ারও দরকার নেই। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, রাতে যদি কিছু খাবার খাওয়া বন্ধ করা যায়, তা হলে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকবে না। ডায়েট না করে এভাবেও যে রোগা হওয়া যায়, তা অনেকেরই অজানা। অতএব, ওজন নিয়ে সচেতন হলে রাতে কোন খাবারগুলো খাবেন না।

কাঁচা সালাদ: অনেকেই ডায়েটে সালাদ খান। তবে কাঁচা শাকসবজির সালাদ রাতে না খাওয়াই ভালো। শাকসবজিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। রাতে ফাইবার হজম করতে অনেকেরই বেশ সমস্যা হয়। হজম না হলে মেদ জমার ঝুঁকি থাকে।  দুপুরে বা সকালে কাঁচা সালাদ খেতে পারেন, কিন্তু রাতে অল্প অলিভ অয়েলে নাড়াচাড়া করে খান।

চকলেট ও কফি: এই ২ খাবারেই অনেক বেশি মাত্রায় ক্যাফিন থাকে। রাতে চকলেট, কফি জাতীয় জিনিস খেলে ক্যাফিনের কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। অনেকের রাত জেগে কাজ করার অভ্যাস। ঘুম কাটাতে কাপের পর কাপ কফি খেয়ে যান তারা। এই অভ্যাস কিন্তু অনিদ্রার সমস্যা ডেকে আনতে পারে। আর ঘুম না হলে বাড়তে থাকে ওজন।

আটা-ময়দা: রাতে অনেক বাড়িতেই রুটি হয়। কারো বাড়িতে আটার রুটি হয়, কেউ আবার ময়দার রুটি খেতে পছন্দ করেন। তবে আটা-ময়দার তৈরি যেকোনো খাবার হজম করতে বেশ সময় লাগে। যাদের অনেক রাত করে খাওয়ার অভ্যাস, তাদের আটা-ময়দার তৈরি খাবার রাতে না খাওয়াই ভালো। এতে হজমের সমস্যা হয়। স্থুলতার ঝুঁকি থাকে।