২৯ নভেম্বর, ২০২৪
কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ফকির বাড়ি রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনটি ফকির বাড়ির রেলক্রসিংয়ের কাছে গিয়ে পৌঁছলে ওই ব্যক্তির মাথার পেছন দিক দিয়ে ধাক্কা লাগলে ছিটকে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার আগে ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দেয়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই হারুন অর রশীদ বলেন, ঘটনার পরপর স্থানীয় লোকজন আমাদের ফোন দিয়ে জানায়। আমরা লাশ উদ্ধার করেছি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।