গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

১৩ ডিসেম্বর, ২০২৪

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হুসাইন মোল্লা (৫) নামে এক শিশু ও বিদ্যুৎস্পর্শে মো. আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ও ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল সিকদার (১৯) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে (১২ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায়, মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে ও টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান ও টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু হুসাইন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়া এলাকার জুয়েল মোল্লার ছেলে ও মো. আবুল হোসেনের বাড়ি মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে এবং নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে।

ওসি মির সাজেদুর রহমান জানান, সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়া এলাকায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল শিশু হুসাইন মোল্লা। এ সময় ইঞ্জিনচালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয় সে। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাতে মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের মো. আবুল হোসেন নামে এক বৃদ্ধ নিজ বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারাত্মক আহত হন। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে ট্রান্সফরমার চুরি করতে যান সোহেল সিকদার। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য-২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।