১৫ ডিসেম্বর, ২০২৪
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ইয়াবাসহ সুমি বেগম (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ এলাকার রেললাইন সংলগ্ন ছত্তার মিয়ার কলোনি থেকে তাকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে একটি পলিব্যাগের ভেতরে রক্ষিত মোট ১০৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক সুমি, ছত্তার মিয়ার কলোনিতে তার স্বামী রিপন মিয়াকে ভাড়া থাকেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছয়ত্রিশ গ্রামে।
মৌলভীবাজার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।