এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা, ১০ হাজার টাকা জরিমানা

১৩ জানুয়ারী, ২০২৫

মুন্সিগঞ্জে এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মুন্সীগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। তিনি সামারি ট্রায়ালের মাধ্যমে এই সাজা আরোপ করেন।

রোববার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের ২ নম্বর সুপার মার্কেট এলাকায় এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করায় মোহাম্মদ তাজুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারায় (বিএমডিসি) এর নিবন্ধন ব্যতীত অ্যালোপ্যাথিক  চিকিৎসা প্রদান করায় ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং ২৯ ধারায় এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করায় ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এসময় অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যাহৃত সিল ও প্যাড জব্দ করা হয় এবং দোষী ব্যক্তি তাজুল ইসলামকে ইউনানি চিকিৎসার ডিগ্রি থাকায় কেবলমাত্র ইউনানি বিষয়ে চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, সুপারিন্টেন্ডেন্ট অব ড্রাগস মো. গোলাম মোস্তফা ও মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে সদর আমলি আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জীবন সরকার জানান, এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন বিচারক। সামারি ট্রায়ালের মাধ্যমে এই সাজা আরোপ করা হয়েছে।