নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

২০ জানুয়ারী, ২০২৫

নরসিংদীর রায়পুরায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। রবিবার (১৯) রাত সাড়ে ৮টায় উপজেলার আমিরগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে অরক্ষিত একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজ নগর (নয়াচর) এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে অটোরিকশার চালক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. বাচ্চু মিয়া (৫০) ও মৃত কলিম উদ্দিনের ছেলে ইউনিয়ন কৃষকদল নেতা আব্দুল মান্নান। নিহত দুজন একে অপরের বন্ধু ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টায় একটি অটোরিকশায় করে রেলক্রসিং পার হচ্ছিলেন বাচ্চু ও তার বন্ধু মান্নান। ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন বাচ্চু ও তার পাশের সিটে বসা ছিলেন মান্নান। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাচ্চু ও মান্নান ছিঁটকে গিয়ে রেল লাইনের পাশে পড়েন।

এরপর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত ওই দুজনের পরনে ছিল লুঙ্গি ও শীতের পোশাক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও তার পাশের সিটে বসা দুজন নিহত হয়েছে।

অসাবধানতাবশত পার হতে গিয়েই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই রেলক্রসিংটি ছিল অরক্ষিত। যা পাশে সাঁটানো একটি সাইনবোর্ডে সর্তকতামূলক বার্তা লেখা আছে।