প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির অপেরা গায়কের সাক্ষাৎ

২৩ জানুয়ারী, ২০২৫

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির বিখ্যাত সংগীতশিল্পী আন্দ্রেয়া বোচেলি। বুধবার (২২ জানুয়ারি) এ সাক্ষাৎ হয়।

এসময় দৃষ্টি প্রতিবন্ধী অপেরা গায়ক বোচেলি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে ড. ইউনূসের দূরদর্শী নেতৃত্ব দেশকে বদলে দেবে।

সাক্ষাৎকালে বোচেলির দল অধ্যাপক ইউনূসকে আন্দ্রেয়া বোচেলি ফাউন্ডেশনের কাজ সম্পর্কে অবহিত করেন, যা সাম্প্রতিক বছরগুলোতে হাইতিসহ দরিদ্র দেশ এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলিতে স্কুল নির্মাণ করেছে।

ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডে থাকা ড. ইউনূস সংগীতশিল্পীকে এশিয়ার দেশগুলোতে তার দাতব্য কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

এসময় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও বৈঠকে উপস্থিত ছিলেন।