৩১ জানুয়ারী, ২০২৫
ঋণ দিয়ে অন্যের পাশে দাঁড়ানো মানুষের সামাজিক দায়িত্ব। তবে টালবাহানা না করে যথাসময়ে তা পরিশোধ করা ঋণগ্রহীতার কর্তব্য। এর মাধ্যমে সবার মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সুসম্পর্ক বৃদ্ধি পায়। রাসুল (সা.) ঋণ পরিশোধের সময় ঋণদাতার কল্যাণ চেয়ে একটি দোয়া পড়তেন।
দোয়াটি হলো-
উচ্চারণ : ‘বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, ইন্নামা জাজাউস সালাফি আলহামদু ওয়াল আদায়ু।’
অন্য বর্ণনা মতে, ‘ইন্নামা জাজাউস সালাফি আল-ওয়াফাউ ওয়াল হামদু ওয়াল আদাউ।’
অর্থ : মহান আল্লাহ তোমার ওপর, তোমার পরিবার ও সম্পদের ওপর বরকত দান করুন। নিশ্চয় ঋণের প্রতিদান হলো ঋণদাতার প্রশংসা করা এবং তা পরিশোধ করা।’
হাদিস : আবদুল্লাহ বিন আবু রাবিয়াহ আল-মাখজুমি (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) হুনাইন যুদ্ধের সময় তাঁর কাছ থেকে ৪০ বা ৩০ হাজার ধার নেন। অতঃপর রাসুল (সা.) ফিরে এসে তাঁর পাওনা পরিশোধ করেন। তখন তিনি উল্লিখিত দোয়াটি পড়েন। (নাসায়ি, হাদিস নং : ২৬২৯)