এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— লিমন বেপারী (২২) ও নয়ন হাওলাদার (২৩)। লিমন শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে এবং নয়ন একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে। তারা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। মাঝপথে পূর্ব সন্যাসীরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন নয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একজন এবং ঢাকা নেওয়ার পথে আরেকজন মারা গেছেন। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।