১৯ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুরের চিরিরবন্দরে ভেকু বহনকারী ট্রাক্টরের সামনের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ভেকুর ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টর ড্রাইভার। মঙ্গলবার চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের হাইসর মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি আহসান হাবীব।
নিহত ড্রাইভার হলেন জুয়েল রানা (২৪) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নরসিংদা এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাজেদুল (১৮) নামের ট্রাক্টর ড্রাইভার। তিনি চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী হাজীপাড়া এলাকার সাদেকুল হকের ছেলে। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি আহসান হাবীব বলেন, ‘চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের হাইসর মিল এলাকায় ভেকু বহনকারী ট্রাক্টরের সামনের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। আহত আরেকজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’