২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে পাকিস্তান। আসরের আয়োজকও তারা। স্বাভাবিকভাবেই রিজওয়ান-বাবরদের কাছে শিরোপা প্রত্যাশা করেছিল সমর্থকরা। তবে টানা দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন এখন অকাল মৃত্যুর পথে। এই অবস্থায় দলের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি বুঝাতে ওমান ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
আট বছর পাকিস্তানের মাটিতে বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ও ঘরের মাটিতে টুর্নামেন্ট দেখে শিরোপার প্রত্যাশা করেছিলো দেশটির সমর্থক থেকে সাবেক ক্রিকেটাররা। তবে টানা দুই হারে ইতিমধ্যে আসর থেকে ছিটকে যাওয়ার খাদের কিনারায় রিজওয়ানরা। যা নিয়ে তীব্র সমালোচনা করছে দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা।
‘সুলতান অব সুইং’ খ্যাত সাবেক পেসার ওয়াসিম আকরাম এক টিভি শোতে বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘যথেষ্ট হয়েছে! আপনারা তাদের তারকা বানিয়েছেন। সবশেষ পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। প্রতি উইকেটে ৬০ রান! আমাদের গড় ওমান এবং যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ। যে ১৪ দল ওয়ানডে খেলে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় বাজে।’
ব্যাটারদেরও সমালোচনা করতে ছাড়েননি সাবেক এই তারকা। ব্যাটিংয়ে নেমে প্রচুর ডট বল উপহার দেন তারা। সমস্যা সমাধানে বড়সড় পরিবর্তনের পরামর্শ দিয়েছেনও তিনি। ‘শেষ কয়েক বছর ধরে ওয়ানডেতে পাকিস্তান হেরেই চলেছে। সময় এসে গেছে কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার। ভয়ডরহীন ক্রিকেটারদের আনুন, তরুণদের দলে অন্তর্ভুক্ত করুন। যদি আপনাকে পাঁচ-ছয়টি পরিবর্তন আনতে হয়, দয়া করে সেটি করুন।’
পিসিবি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ওয়াসিম বলেন, ‘চেয়ারম্যান সাহেব দয়া করে অধিনায়ক, নির্বাচক প্যানেল এবং কোচকে ডাকুন। আর তাদের জিজ্ঞেস করুন কোন ধরনের দল বাছাই করেছেন তারা। আমি আক্ষরিক অর্থেই সপ্তাহখানেক ধরে বলে আসছি যে, এই স্কোয়াড ভালো হয়নি। কিন্তু চেয়ারম্যান বললেন তারা সেরা স্কোয়াডটাই সাজিয়েছেন। আগামী ছয় মাস হারতে থাকলেও চলবে। কিন্তু এখন থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বানাতে শুরু করুন।’
এদিকে সাবেক পেস তারকা শোয়েব আখতারও পিসিবিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিম ম্যানেজমেন্টের ওপর তোপ দাগালেন। শোয়েব বলেন, ‘ভারতের কাছে হারে খুব একটা হতাশ নই। কারণ, আমি জানতাম এমনটা হবেই। আপনি পাঁচ বোলার নিয়ে খেলতে পারেন না। বিশ্বের অন্যান্য দল যেখানে ছয় বোলার নিয়ে খেলছে। আপনার দলে মাত্র দুই অলরাউন্ডার। এই ম্যানেজমেন্ট নির্বোধ। আমি সত্যিই খুব হতাশ।’