জেনে নিন বিরিয়ানি রান্নার সহজ ৭ উপায়

০২ মার্চ, ২০২৫

বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রাস্তার মোড়ে মোড়ে থাকা বিরিয়ানির দোকানের গন্ধে যেন জিভে জল চলে আসে। তবে ঘন ঘন বাইরের বিরিয়ানি খাওয়াটা স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। আবার ঘরে রান্না করলে দোকানের মতো স্বাদ আসে না। কিছু টিপস মেনে রান্না করলে দোকানের মতোই সুস্বাদু হবে ঘরে তৈরি বিরিয়ানি। 

বিরিয়ানি রান্নায় মসলা খুবই গুরুত্বপূর্ণ অংশ। বাড়িতে বিরিয়ানি বানালে বাজার থেকে কেনা প্যাকেটের বদলে টাটকা মসলা ব্যবহার করুন। অর্থাৎ বাড়িতেই লবঙ্গ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, কবাবচিনি তাওয়ায় ভেজে বেটে নিন। এই টাটকা মসলাই বিরিয়ানির স্বাদ বাড়িয়ে দেবে অনেক গুণে।

বিরিয়ানির স্বাদ বাড়াতে টমেটোর সঙ্গে দই ব্যবহার করতে পারেন। মাংস ম্যারিনেট করার সময় অবশ্যই দই দেবেন।বিরিয়ানিতে আচার দিতে পারেন। টেম্পার করার সময় ব্যবহার করুন সরিষার তেল।

ঘিয়ের পরিমাণ ঠিকঠাক না হলে বিরিয়ানি খেতে মোটেই সুস্বাদু লাগে না। তাই পর্যাপ্ত মাত্রায় ঘি ব্যবহার করুন। বিরিয়ানি রাঁধার সময় একটু চর্বিযুক্ত মাংস ব্যবহার করলে স্বাদ বাড়ে।

রান্না শুরুর ৩০ মিনিট আগে চাল ভিজিয়ে রাখুন। তবে এর বেশি ভিজিয়ে রাখার দরকার নেই। চাল ফোটানোর সময় ভিনেগার আর অল্প লবণ দেবেন। এতে ঝরঝরে হবে বিরিয়ানি।

বিরিয়ানি দম দেওয়ার সময় সঠিক পাত্র বাছাই করা জরুরি। পাত্রের তলাটা যেন পুরু হয়, সে দিকে নজর রাখুন। নইলে বিরিয়ানি পুড়ে যেতে পারে। খুব ভাল হয়, যদি নীচে একটি তাওয়া রেখে তার উপর হাঁড়িটি বসানো হয়। তা হলে সরাসরি পাত্রের গায়ে আঁচ লাগবে না।

দম বিরিয়ানির ক্ষেত্রে চাল পুরোপুরি সেদ্ধ করবেন না, ৮০ শতাংশ সেদ্ধ করুন প্রথমে। বাকিটা দমেই হয়ে যাবে।