০৯ মার্চ, ২০২৫
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে নিমর্মভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বন্দরে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রদল নেতা হলেন আসাদ উল্লাহ (২৫)। তিনি নিয়ামতি বন্দর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেনের ছেলে। বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পেরেছি পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাকে কুপিয়ে জখম করেছে। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এটা কোনও রাজনৈতিক কারণে ঘটেনি। নিয়ামতি বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে পূর্বের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দেওয়া হলে ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীর বরাতে আসাদের স্বজনদের অভিযোগ, শনিবার রাতে নিয়ামতি বন্দরে নিজেদের ফলের দোকানে বসে ছিলেন আসাদ। এসময় শাহীনের নেতৃত্বে একটি দল ধারালো অস্ত্র নিয়ে আসাদের উপর হামলা করে। তারা এলোপাতাড়িভাবে কুপিয়ে দুই হাত ও এক পায়ের রগ কেটে দিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যান।