২৬ জুন, ২০২৬
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার হিংগুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদীনগর এলাকার বাসিন্দা। তিনি বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সাইফুজ্জামান জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে পটিয়া বাইপাসের কচুয়াই সি.টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের এসআই মো. ওয়াসিম জানান, বান্দরবান থেকে চট্টগ্রামমুখী একটি বাস সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের যাত্রীরা সবাই নিরাপদ ছিলেন। তবে প্রাইভেট কারে চালকসহ পাঁচজন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল হলেও একজনের বাম পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।