৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পন্ন

০৯ এপ্রিল, ২০২৫

৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) সঙ্গে বাংলাদেশ সরকার একটি চুক্তি সই করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) আশিক চৌধুরী।

তিনি বলেন, এর ফলে ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে। আগামী ২০-২৫ বছর পর এর সুফল পাওয়া যাবে।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২৫-এর দ্বিতীয় দিনে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

আশিক চৌধুরী আরও বলেন, ‘বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরে যাবেন।’

চার দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 

এদিকে বাংলাদেশে বিনিয়োগে দুর্নীতিসহ পাঁচটি বাধা কাজ করছে বলে মন্তব্য করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। নারায়ণগঞ্জে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে তারা এই অভিযোগ করেন।