১৫ এপ্রিল, ২০২৫
অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখেন কলা ও দুধ। কেউ কেউ আবার দুটোকে একসঙ্গেও খান—যেমন কলা-শেক বা স্মুদি। কিন্তু দুধ ও কলা একসঙ্গে খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? নাকি এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে? বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী জেনে নেওয়া যাক দুধ-কলা একসঙ্গে খাওয়ার উপকার ও অপকারিতা।
দুধ-কলা: প্রচলিত ধারা
দুধ ও কলা দুটোই পুষ্টিকর খাবার। দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি, আর কলা সমৃদ্ধ পটাশিয়াম, ফাইবার এবং প্রাকৃতিক শর্করায়। এই দুটো উপাদান মিশিয়ে অনেকেই তৈরি করেন কলা শেক বা স্মুদি, যা শরীরে শক্তি যোগায়।
উপকারিতা
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্যায়ামের পর এই কম্বিনেশন দ্রুত এনার্জি রিকভার করতে সহায়তা করে।
শক্তি বৃদ্ধি: দুধ ও কলা মিলে শক্তির উৎস হিসেবে কাজ করে।
ওজন বৃদ্ধিতে সহায়ক: যারা ওজন বাড়াতে চান, তাদের জন্য এই মিশ্রণ হতে পারে কার্যকর।
প্রোটিন ও কার্বোহাইড্রেটের সমন্বয়: শরীরের গঠন ও মাংসপেশি তৈরিতে সহায়ক।
অপকারিতা ও সতর্কতা
আয়ুর্বেদ অনুযায়ী, দুধ ও কলা একসঙ্গে খাওয়া দেহে ‘বিরুদ্ধ আহার’ হিসেবে বিবেচিত।
হজমে সমস্যা: অনেক সময় এই কম্বিনেশন হজমে সমস্যা তৈরি করে, বিশেষত যাদের পাচনতন্ত্র দুর্বল।
কফ বৃদ্ধি: দুধ ও কলা দুটোই কফ বাড়াতে সাহায্য করে, ফলে ঠান্ডা-কাশির প্রবণতা বাড়তে পারে।
অ্যালার্জি বা ত্বকের সমস্যা: কারও কারও ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি বা অ্যালার্জির সমস্যা হতে পারে।
পুষ্টিবিদদের মতে, দুধ-কলা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে তা খাওয়ার পদ্ধতি ও সময় গুরুত্বপূর্ণ। সকালে বা ব্যায়ামের পর খাওয়া যেতে পারে। এছাড়া দুধ ঠান্ডা না হয়ে গরম বা হালকা উষ্ণ হওয়া ভালো। আর খালি পেটে না খাওয়াই শ্রেয়।
দুধ ও কলা একসঙ্গে খাওয়া যেমন উপকারি হতে পারে, তেমনি কিছু স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে। তাই যাদের হজমের সমস্যা রয়েছে বা যাদের ঠান্ডার প্রবণতা বেশি, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই কম্বিনেশন গ্রহণ করলেই ভালো।