০৪ মে, ২০২৫
রাজশাহীর স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়ে ‘শাটিকাপ’ নামের একটি ওয়েব সিরিজ বানিয়েছিলেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় সে সিরিজটি। দর্শকদের প্রত্যাশা বাড়তে থাকে নতুন সিরিজের। তখন নির্মাণ করেন ‘সিনপাট’। এবার ওয়েব সিরিজ নয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা।
নির্মিতব্য চলচ্চিত্রটির নাম প্রকাশ করতে নারাজ পরিচালক। তবে গণমাধ্যমকে তাওকীর জানিয়েছেন ইতিমধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। খুলনা বিভাগের একটি প্রত্যন্ত অঞ্চলে এর শুটিং শেষ হয়েছে।
সিনেমটির প্রেক্ষাপট বা পটভূমি সম্পর্কে জানতে চাইলে তাওকীর বলেন, ‘গল্পটা এখনই প্রকাশ করতে চাই না। এটা আসলে সিনেমায় দেখার ব্যাপার।’ সিনেমার চিত্রনাট্যে সত্য ঘটনা ও ফিকশন গল্প তুলে ধরেছেন নির্মাতা। তিনি মনে করেন দর্শক এই ছবিতেও ‘সিনপাট’-এর মতো বাস্তব চিত্রের একটা প্রতিচ্ছবি দেখতে পারবেন।
তিনি বলেন, ‘এই প্রজেক্টকে আমরা ‘ছিপ দিয়ে মাছ ধরা’ বলছি। পৃথিবী সবসময় ঘটনাবহুল ছিল। এই ঘটনাবহুল পৃথিবীকে যদি আমরা রিয়েল টাইমে ধরে রাখতে পারি। তাহলে ওইটা খুব ইন্টারেস্টিং একটা ছবি হবে। তাছাড়া সময়ের সাথে সাথে ওই ইতিহাসটাও বহন করবে।’
এর আগে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ দুটি সিরিজেই সহজাত একটি গল্প তুলে এনেছেন তাওকীর। যেখানে অভিনয়শিল্পীরা জনপ্রিয় কিংবা সবার কাছে পরিচিত নয়। এবারও একই পথে হেঁটেছেন তাওকীর। মুক্তি প্রতীক্ষিত নতুন চলচ্চিত্রেও কোনো পেশাদার অভিনয়শিল্পীকে দেখা যাবে না। এটাও আগের দুই ছবির মতো অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়েই নির্মিত হয়েছে। খুলনার স্থানীয় মানুষজনকে নিয়েই গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতা।
এছাড়া একেবারে প্রত্যন্ত গ্রামে সিনেমাটির দৃশ্যায়ন করার ব্যাপারে একটি লক্ষ্যের কথাও জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, ‘এই ফিল্ম মেকিং প্রোজেক্টের একটা বড় দিক হচ্ছে—কমিউনিটিতে ফিল্ম মেকার (চলচ্চিত্র নির্মাতা) তৈরি করা, যারা কিনা নিজেদের গল্প বলতে পারে, নিজেদের চিন্তা বলতে পারে। তাঁদের নিয়ে কোনো কাজ করলে তাঁদেরও অভিজ্ঞতা হয়। সেখান থেকে হয়তো কারও কারও আগ্রহ তৈরি হবে বা আগ্রহটা বাড়ে।’
প্রেক্ষাগৃহে মুক্তির আগে ওয়ার্ল্ড প্রিমিয়ারে প্রদর্শনের পরিকল্পনার কথা জানিয়েছেন তাওকীর। কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনীর শেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমার প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।