০৫ মে, ২০২৫
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগে প্রথম ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ডের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাথে যৌথভাবে কাজ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়টি।
সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট হলে ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের আয়োজনে ‘একাডেমিক ও শিল্প খাতের মধ্যে সেতুবন্ধন: ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ডের সূচনা’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধনী অনুষ্ঠান ও সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, ফার্মেসি খাতে ভালো করতে হলে নিয়মিত নতুন গবেষণা এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মানসিকতা থাকতে হবে। সেইসঙ্গে প্রয়োজন দক্ষ ও যোগ্য নেতৃত্বের গুণাবলী অর্জন করা। যার মাধ্যমে কোম্পানি ও ফার্মেসি খাত অনেক দূর এগিয়ে যাবে।
তারা আরও বলেন, দেশের ফার্মেসি খাতকে আরও এগিয়ে নেওয়া যায়। দেশে জনবল রয়েছে, কিন্তু সংকট রয়েছে নেতৃত্বের। এ সংকট কাটিয়ে উঠতে পারলে বৈশ্বিকভাবে এগিয়ে যাবে বাংলাদেশ।
বক্তারা আরও বলেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ডের গঠন এনএসইউ’র ফার্মাসিউটিক্যাল কারিকুলামকে সমৃদ্ধ করবে, যৌথ গবেষণাকে উৎসাহিত করবে, শিল্পের সাথে আরও মজবুত অংশীদারিত্ব গড়ে তুলবে এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। এটি এনএসইউকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা-শিল্প সহযোগিতার শীর্ষস্থানে নিয়ে যাবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, প্রো-ভিসি (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান ও বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন ড. দীপক কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেকনিক্যাল অপারেশনস বিভাগের নির্বাহী পরিচালক মো. নওয়াবুর রহমান, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এহসান আজিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের পরিচালক রাহাত উজ জামান, এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেকনিক্যাল বিভাগের নির্বাহী পরিচালক মো. ইখতিয়ার হোসেন, রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. তানভীর সজিব, এসিআই ফার্মাসিটিক্যালস লিমিটেডের মার্কেটিং অপারেশনস বিভাগের পরিচালক মো. মুহসীন মিয়া।
এছাড়া বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের নির্বাহী সহ-সভাপতি এসএম মাহমুদুল হক পল্লব, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অপারেশনস বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এসএম আরেফিন, এভারকেয়ার হাসপাতাল লিমিটেডের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, স্কয়ার হাসপাতাল লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. জাহিদুল হাসানসহ ২০০ এর অধিক অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, দেশে অনেক ফার্মাসিস্ট প্রয়োজন। সেই তুলনায় প্রচুর ফার্মাসিস্ট সংকট রয়েছে। দেশের এবং বৈশ্বিক চাহিদা পূরণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে কর্পোরেটের সঙ্গে পরিচয় করে দেওয়ার চেষ্টা থাকে শুরু থেকে। যাতে নিজেদের জীবনের গতিপথ এবং ভবিষ্যৎ করণীয় সুবিধাজনক হয়।
ফার্মেসী বিভাগের সার্বিক তথ্য তুলে ধরে অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার বলেন, শিক্ষার্থীদের কো-কারিকুলামসহ প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে ও যত্ন সহকারে পাঠদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে রয়েছে পর্যাপ্ত শিক্ষক, ল্যাব এবং গবেষণা করার অনেক সুযোগ। এখানকার শিক্ষকরাও অনেক দক্ষ। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন তারা।