কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

১৩ মে, ২০২৫

কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে শরিফ হোসেন (২৬) নামের এক  যুবক।মঙ্গলবার (১৩ মে) সকাল পৌনে ১১টার সময় সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোর পুসকুরুণী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফ হোসেন (২৬) জোর পুসকুরুণী এলাকার কামাল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যান শরিফ হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তথ্য সংগ্রহ করছে।