০৮ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং প্রবাসী রুবেল মিয়ার ছেলে সানাউল্লাহ মিয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের বাসিন্দা হালিমা বেগম (৭৫) রোববার রাতে মারা যান। তার দাফনের জন্য গ্রামের মুরব্বি ও যুবকেরা কবর খোঁড়ার কাজে অংশ নেন। কবর খোঁড়ার একপর্যায়ে বৃষ্টির আশঙ্কা দেখা দিলে কবরস্থানে থাকা কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি খাঁচা কবরের ওপর স্থাপন করতে যান তারা। এ সময় খাঁচাটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে।
এতে ঘটনাস্থলেই নুরু মিয়া ও সানাউল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন আক্কাস মিয়া (৫৫), মিজান মিয়া (৬০), খালেক মিয়া (৬৫), ঈমান মিয়া (৩২), বীর মুক্তিযোদ্ধা বস্তু মিয়া (৭৫), সানাউল্লাহ (১৫), জসিম মিয়া (৫০), নুরুল ইসলাম (৫৫), রুকুন উদ্দিন (৭০) ও জুয়েল মিয়া (২৪)।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।