১৯ মে, ২০২৫
আইপিএলে এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই হার দেখলেন মোস্তাফিজুর রহমান। তার দল দিল্লি গুজরাটের কাছে হেরে গেছে। আর এদিকে দিল্লিকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাট। দিল্লিকে ১০ উইকেটে হারিয়েছে গুজরাট।
টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে দিল্লি। জবাবে ১০ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।
দিল্লির ওপেনার রাহুলের শতকের ওপর ভর করে বড় পুঁজি পায় দিল্লি। লোকেশ রাহুল ওপেনিংয়ে নেমে ৬৫ বলে ১১২ রানে অপরাজিত ছিলেন। এছাড়াও পোরেলের ব্যাট থেকে আসে ৩০ রান। গুজরাটের হয়ে একটি করে উইকেট নেন আরশাদ খান, প্রসিধ কৃষ্ণ এবং সাই কিশোর।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লির কোনো বোলারকে পাত্তাই দেয়নি গুজরাটের দুই ওপেনার গিল ও সাই সুদর্শন। গিল ৫৩ বলে ৯৩ এবং সুদর্শন ৬১ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন। ১০ উইকেট হাতে রেখে জয় পায় গুজরাট।
এবারের আসরে নিজের প্রথম ম্যাচটা ভালো গেল না মোস্তাফিজের। ৩ ওভার বল করে ২৪ রান দিয়েছেন টাইগার এই পেসার।
গুজরাটের কাছে লজ্জাজনক হারের পরও দিল্লির প্লে-অফের আশা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে বাকি থাকা দুই ম্যাচে জিততে হবে মুস্তাফিজদের, সেই সঙ্গে অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে।