সান্ডা খাওয়া নিয়ে যা বললেন আজহারী

১৯ মে, ২০২৫

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘সান্ডা’ নিয়ে ইতিমধ্যেই সান্ডার তেল, সান্ডার মাংস খাওয়া এবং সান্ডার বিরিয়ানি নিয়ে আলোচনার ঝড় উঠে গেছে।

এই সান্ডা খাওয়া নিয়ে দেশের আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যাখ্যা দিয়েছেন। 

মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, ‘গুইসাপ জাতীয় প্রাণী যেটাকে আমাদের দেশে অনেকে ‘সান্ডা’ বলি সেটি খাওয়া হারাম নয়। কিন্তু এটি রুচির বিষয়।’ 

আজহারী তার বক্তব্যে সহীহ বুখারীর একটি হাদিসের উল্লেখ করে জানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তা'আলা আনহার বাসায় একদিন সাহাবাদের সঙ্গে খেতে বসেন নবীজি। সে সময় একটি থালায় গুই সাপ ভাজা পরিবেশন করা হয়। প্রথমে বুঝতে না পেরে নবীজি হাত বাড়ান।

কিন্তু উপস্থিত মহিলা সাহাবীরা বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ, এটা তো ‘দব’। যার অর্থ গুই সাপ।

এ কথা শুনে রাসূলুল্লাহ (সা.) সাথে সাথেই থেমে যান এবং বলেন, ‘আমি এটা খাই না, কারণ আমাদের এলাকায় এটা পাওয়া যায় না। তবে এটা হারাম নয়।’

আজহারী বলেন, ‘সান্ডা খাওয়া হালাল, তবে কেউ খাবে কি না, সেটা তার রুচির ওপর নির্ভর করে। ইসলামে এ বিষয়ে কোনও জোর নেই। কেউ না খেলে সেটা নিয়ে বিদ্বেষ, তাচ্ছিল্য বা জোর করার কিছু নেই। আবার কেউ খাচ্ছে বলে তাকেও দোষারোপ করা অনুচিত।’