২০ মে, ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ছাত্রশিবিরের আয়োজিত তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা অ্যাকাডেমিক ভবনের কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্টে’র মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান।
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা সভাপতি শোয়াইব আহম্মেদসহ অন্যান্য শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবির শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয়। ছাত্রশিবির পুরো দেশের কল্যাণের চেষ্টা করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশকে নিয়ে তারা ভাবে। ছাত্রশিবির একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। রাসূল (সা.) প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার আদর্শ মানুষ তৈরির জন্য যে কাজ করা দরকার সেটাই করে যাচ্ছে ছাত্রশিবির। এরই ধারাবাহিকতায় অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা আয়োজন করেছি এই সায়েন্স ফেস্ট। আমাদের শিক্ষার্থীদের মাঝে অনেক প্রতিভা আছে; কিন্তু সেইগুলো অ্যাপ্রিশিয়েট করার মতো লোক নেই। ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে যে, যার মধ্যে যে প্রতিভা আছে তা বিকশিত হোক। আমরা আশা রাখি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বসেরা সাইন্টিস্ট বের হয়ে আসবে।
এছাড়া আগামীকাল এ অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও রুবিক্স কিউব প্রদর্শনী করা হবে। এর জন্য ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ও প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে। এতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন।