এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

০১ জুন, ২০২৫

এবারের হজের খুতবা বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ করা হবে। টানা ষষ্ঠবারের মতো এবার বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। মূল আরবি খুতবার সঙ্গে সরাসরি সম্প্রচার করা হবে অনুবাদও। 

চলতি বছর হজের খুতবার বাংলা অনুবাদ করবেন ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। তারা চারজনই বাংলাদেশি। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

এবার হজের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুন শুরু হবে। হজ বা আরাফা দিবস পালিত হবে ৫ জুন (৯ জিলহজ)। পবিত্র আরাফাতের ময়দানে হাজিদের সবাই অবস্থান করবেন। সেদিন লাখ লাখ হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ১৪৩৯ হিজরি মোতাবেক ২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে শুধু পাঁচটি ভাষায় তা সম্প্রচার করা হয়। পরে ভাষার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।

উল্লেখ্য, ২০২০ সালে হজের খুতবা প্রথমবারের মতো বাংলা ভাষায় অনুবাদ করা হয়। ওই বছর মোট ১০টি ভাষায় হজের খুতবার অনুবাদ করা হয়। পরের বছর ২০২১ সালেও বাংলাসহ মোট ১০টি ভাষায় আরাফার খুতবা অনুবাদ করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাষায় সাপ্তাহিক জুমার খুতবার অনুবাদ সম্প্রচারও শুরু করা হয়।

এরপর ২০২২ সালে ১৪টি, ২০২৩ সালে ২০টি ও ২০২৪ সালে ২০টির বেশি ভাষায় আরাফার খুতবা অনুবাদ করা হয়। পাশাপাশি মদিনার পবিত্র মসজিদে নববীর খুতবার অনুবাদ কার্যক্রমও চলছে।