চাঁদা না পেয়ে বাস ভাঙলেন আওয়ামী লীগ নেতারা

০২ জুন, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় পরিবহন শ্রমিকদের ওপর হামলা, বাস ভাঙচুর এবং এক হেলপারকে তুলে নেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার (২ জুন) সকাল সাড়ে ৬টা থেকে প্রায় ৩ ঘণ্টা জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানান, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মেম্বার এবং তার ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ রোববার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা শ্রমিকদের মারধর করেন এবং একটি গাড়ি ভাঙচুর করেন। এক গাড়ির হেলপারকেও তুলে নিয়ে যান তারা। যার সন্ধান এখনও পাওয়া যায়নি।

শ্রমিকরা আরও জানান, তারা তাদের সহকর্মীর সন্ধান ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে তাদের সরিয়ে দেই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।