০২ জুন, ২০২৫
যশোর প্রতিনিধি: যশোরের ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ করেছে।
২ জুন সোমবার দুপুরে যশোর আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চতুর্থ শ্রেণির ৯০ জন কর্মচারীদের মাঝে ঈদ উপহার (ফুড প্যাক) বিতরণ করা হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম-এর হাসপাতাল কমিটির সভাপতি ডা. শের আলী’র সভাপতিত্বে এবং ডা. শরিফুল ইসলাম শিফলু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোর আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন সাফায়াত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরবানি কেবল পশু জবাই নয়, এর ভেতর নিহিত আছে আত্মত্যাগ, ধৈর্য ও মানবসেবার মহান শিক্ষা। এই ঈদের মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহণ করতে হবে। হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে শৃঙ্খলা, সহমর্মিতা এবং আন্তরিকতা বজায় রেখে প্রত্যেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন। সকল কর্মকর্তা-কর্মচারী মিলে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল এবং মানবিক সেবা নিশ্চিত করতে পারি। ঈদের এই আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল কর্মচারীদের মাঝে ভাগাভাগি করে দেওয়াই প্রকৃত ঈমানদারীর পরিচয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ, ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রশিদুজ্জামান রতন। এছাড়া আরও বক্তব্য রাখেন ডা. শরিফুজ্জামান রঞ্জু, ডা. আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার (ফুড প্যাক) বিতরণ করা হয়। উপহার পেয়ে কর্মচারীরা আনন্দ প্রকাশ করেন এবং এনডিএফ ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।