২৯ জুন, ২০২৫
বরগুনার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজুম মনিরা মনি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
শনিবার পাথরঘাটায় তার মৃত্যু হয়। মনিরা মনি পাথরঘাটা উপজেলা পরিষদের হিসাবরক্ষক (সিএ) হিসাবে নিয়োজিত ছিলেন।
বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার নতুন করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ৭৭৯ জন। শুধুমাত্র সদর উপজেলাতে আক্রান্ত ২ হাজার ৫২৩ জন।
বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৫ জন। বাকি রোগীরা আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগীতে।
এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনায় এত পরিমাণে ডেঙ্গু রোগী সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। মশা নিধনসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করতে হবে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।